সিরাজগঞ্জে নজর কাড়ছে ‘ব্রাজিল বাড়ি’ 

সারাদেশের মতো বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে  সিরাজগঞ্জ। কে ফেভারিট, কে জিতবে ২০২৬ বিশ্বকাপ—তা নিয়ে ঘরে-বাইরে ও চায়ের স্টলে চলছে মুখরোচক আলোচনা। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। জার্মানি, ইংল্যান্ড, ইতালি ও স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যাই বেশি।

শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ‘ব্রাজিল বাড়ি’ ও ‘ব্রাজিল গাড়ি’ নিয়ে। শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার তার বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’। পুরো বাড়ি তিনি ব্রাজিলের পতাকার রঙে হলুদ ও সবুজে রাঙিয়েছেন। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। ২০১৮ সালে তিনি প্রায় কয়েক লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেন।

ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘ব্রাজিলের খেলা আমার ভালো লাগে। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখি। আমি ব্রাজিলকে ভালোবাসি। আমি ব্রাজিলের গেঞ্জি বানিয়েছি, ব্রাজিল বাড়ি করেছি, ব্রাজিল গাড়ি করেছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পতাকা লাগিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ব্রাজিলের ঘরেই যাবে।’

তিনি আরও বলেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক অনন্য নাম। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা নেইমারসহ অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে দেশটি। পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব, দৃষ্টিনন্দন সাম্বা ফুটবল এবং আক্রমণাত্মক খেলার কারণে ব্রাজিল আজও বিশ্বজুড়ে কোটি সমর্থকের আবেগের প্রতীক। আর সেই আবেগেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে সিরাজগঞ্জের এই ‘ব্রাজিল বাড়ি’।

ব্রাজিল বাড়ি দেখতে আসা শিক্ষার্থী, যুবক ও পেশাজীবীদের সঙ্গে কথা বললে তারা জানান, লিটন সরকারের এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। তিনি সুন্দর করে ব্রাজিলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছেন। তার বাড়ি দেখেই মনে হবে তিনি ব্রাজিলের একনিষ্ঠ একজন ভক্ত।

ব্রাজিল বাড়ি দেখতে এসে উচ্ছ্বসিত হয়রত আলী বলেন, এবার ব্রাজিল কাপ নেবে। ব্রাজিল একটি শক্তিশালী দল, এ দলকে এবার কেউ হারাতে পারবে না।

স্কুলছাত্র সোহাগ বলেন, প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে শিশুকাল থেকে ব্রাজিলের খেলা দেখি, ইনশাল্লাহ এবারও সব খেলা দেখবো। কলেজ ছাত্র আল আমিন বলেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও লিটন সরকারের এই বাড়িটি দেখতে ভালো লাগে। তবে আমি চাই আর্জেন্টিনা কাপ জিতুক।

অভি এন্টারপ্রাইজের চালক রাসেল বলেন, আমার মহাজন ব্রাজিল ভক্ত। তিনি ব্রাজিলের জন্য ব্যানার ফেস্টুন দিয়েছেন। আমরাও ব্রাজিল ভক্ত। আমরা ব্রাজিলের জয় চাই।