ডা. তানজিয়া নাহার তিনা
ছত্রাক দ্বারা আমাদের ত্বকে যেসব সংক্রমণ বা প্রদাহ হয়, তার মধ্যে দাদ বা রিংওয়ার্মের সঙ্গে আমরা কমবেশি অনেকেই পরিচিত। চিকিত্সার পরিভাষায় যা ডামাটোফাইটোসিস নামে পরিচিত। ছত্রাক সাধারণত ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় জন্ম নেয়। এছাড়া অপরিষ্কার, দীর্ঘ সময় ঘামে ভেজা শরীর কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই ফাংগাল ইনফেকশন বেশি দেখা যায়।
শরীরের যে কোনো স্থানের ত্বকে এই ফাংগাল ইনফেকশন হতে পারে। এমনকি মাথার চুল ও নখও আক্রান্ত হতে পারে। সাধারণত ছোটো লাল গোটা থেকে শুরু হয়ে ধীরে ধীরে বৃত্তাকারে ছড়িয়ে পড়ে এই দাদ। ক্ষতের মধ্যভাগের অংশটুকু পরিষ্কার বা লাল হতে পারে। ক্ষতের কিনারা খানিকটা উঁচু হতে দেখা যায়। এতে অনেক চুলকানি হতে পারে। দাদ একটি ছোঁয়াচে ফাংগাস ইনফেকশন। তাই পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই সংক্রামক ব্যক্তির জামাকাপড়, তোয়ালে, বিছানা কিংবা চিরুনি— এসব ব্যবহার করা উচিত নয়। দাদে আক্রান্ত হলে অতি সত্বর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিত্সকরা সাধারণত দাদের চিকিত্সায় বিভিন্ন রকম অ্যান্টিফাংগাল ওষুধ ও মলম ব্যবহার করে থাকেন। এসব ওষুধ ব্যবহারের পাশাপাশি পরিষ্কারপরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ