ট্রাকের ধাক্কায় ঝরল শিশুর প্রাণ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ধোলাইরপাড়ে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে সাড়ে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম আবু বক্কার। গতকাল শনিবার ভোর ৬টার দিকে গীতসংগীত সিনেমা হলের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রেখেছে। এ ঘটনায় আরো  ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জামাল গাজী (৫০), তার স্ত্রী জয়নব বেগম (৪৫),  কন্যা সাদিয়া আক্তার (৭)।

জানা গেছে, জামাল গাজী পরিবার নিয়ে জুরাইন কমিশনার রোডে ভাড়া থাকেন। ঈদ উদযাপনের জন্য তিনি পরিবার নিয়ে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে রওনা দেন। এজন্য তারা গতকাল ভোরে চারজন জুরাইন থেকে রিকশায় ধোলাইখাল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে গীতসংগীত সিনেমা হলের সামনে পৌঁছালে একটি বালুর ট্রাক দ্রুতগতিতে এসে তাদের বহনকারী রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা দুই শিশুসহ পরিবারের ৪ জনই ছিটকে রাস্তায় পড়ে যান। এতে শিশু আবু বক্কার মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সক ভোর সাড়ে ৬টার দিকে শিশু আবু বক্কারকে মৃত ঘোষণা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।