নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। বুধবার (১০ জুন) সন্ধ্যার পর (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়ির ভাড়াটিয়া। বুধবার বিকেলে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যার সময়ে শিশুটি হঠাৎ উলঙ্গ অবস্থায় নিজ বাসার দিকে দৌড়ে আসেন। পরে শিশুটি তার পরিবারের কাছে বিস্তারিত বললে তারা অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে আটক করতে ওই বাসায় যায়।
পুলিশের দাবি, অভিযুক্ত যুবককে আটক করতে গেলে তার স্বজনেরা লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্তদের স্বজনরা আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য থাকার সুবাদে হামলা করতে সক্ষম হয়নি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে।