সুদানের মধ্যাঞ্চলের এল-ওবেইদ শহরে একাধিক ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৯ জন। বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্সের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল শহরের কয়েকটি আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যসামগ্রী পরিবহনকারী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের আশপাশের এলাকা।
তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এল-ওবেইদ হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।
ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে। যদিও সংগঠনটির অভিযোগের বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও অভিযোগটি যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, গত সপ্তাহে উত্তর করদোফান অঞ্চলের আবু জাইমা শহরের একটি প্রধান বাজারে ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার দায়ও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের চলমান সংঘাতে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।