এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন, পাল্টা হামলা রাশিয়ার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ৬১৩টি ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি করেছে দেশটি। এর মধ্যে অধিকাংশ ড্রোনই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে এগিয়ে আসার সময় ২৩১টি চালকবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাবাহিনী। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর থেকে দূরবর্তী এলাকাগুলোতে বাকি ড্রোনগুলোও প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।

মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ে চালানো বড় ধরনের ড্রোন হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী রেকর্ডসংখ্যক হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করে। সে সময় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল তারা।

এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখভ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

ইত্তেফাক/এবিএস