স্ত্রীকে দেখতে গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা, স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দী স্ত্রীকে দেখতে এসে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে মো. দবির মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। 

আটক দবির মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

এর আগে, গত ৯ জুন তন্বী খাতুন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মাগুরা জেলা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে থাকা অবস্থাতেই তিনি মাদক কারবারি চালিয়ে যেতে স্বামী দবিরের মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, বৃহস্পতিবার দবির মোল্যা নামে এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করেন। পরে বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেজকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।