চলনবিল এখন মধুর ভাণ্ডার

উত্তরাঞ্চলের চলনবিলে এখন মাছ ছাড়াও ধান, সরিষা, রসুনের পাশাপাশি মধু উত্পাদনে বিশেষ খ্যাতি অর্জন করেছে। মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা বিলাঞ্চল। এ অঞ্চলের ফসলের মাঠে এখন সরিষার হলুদ ফুলের সমারোহ। মাঠ জুড়ে হলুদ ফুলের দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। চলনবিল অঞ্চলে সরিষার আবাদ বৃদ্ধির সাথে সাথে বেড়েছে মওসুমি মৌচাষিদের তত্পরতা। সরিষা যেমন দিচ্ছে তেল ও খৈল, সাথে দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া সরষের ফুল ও পাতা ঝরে তৈরি হয় জৈবসার। খৈল ব্যবহার হয় গবাদিপশুর খাদ্য ও মাছের খাদ্য হিসাবে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকলে চলনবিল থেকে এক হাজার পাঁচশ’ থেকে এক হাজার ছয়শ’ টন মধু আহরণের সম্ভাবনা রয়েছে বলে জানালেন উত্তরাঞ্চল মৌচাষি সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।