হাসপাতাল থেকে বাসায় মিরাজ তবে তৃতীয় ওয়ানডে নিয়ে অনিশ্চয়তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বাউন্সারের আঘাত পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় সতর্কতা হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিলো বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকদের অনুমতিতে তাকে বাসায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানান দলের ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ম্যাচ শেষে মিরাজকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় পাঠানো হয়।

নাফিস ইকবাল জানান, ম্যাচ চলাকালে হেলমেটে বাউন্সারের আঘাত পাওয়ার পর মিরাজ বমি করেছিলেন, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তোলে। যদিও তিনি পরে খেলা চালিয়ে যান, তবুও ম্যাচ শেষে বিসিবির চিকিৎসক ও ফিজিওর পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে মিরাজের দুটি স্ক্যান করা হয়। উভয় পরীক্ষার রিপোর্টেই কোনো জটিলতা ধরা পড়েনি এবং ফলাফল স্বাভাবিক আসায় চিকিৎসকেরা তাকে ছাড়পত্র দেন।

তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শনিবারের অনুশীলনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসক ও ফিজিওর পর্যবেক্ষণের পর তার ফিটনেস বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করলে তিনি মাঠে পড়ে যান এবং পরে বমি করতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় মাঠে স্ট্রেচার ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হলেও কিছুক্ষণ পর তিনি আবার ব্যাটিংয়ে ফিরে এসে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।