‘শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাননি, এটা জানেন?’, শিক্ষামন্ত্রীকে আজিজির প্রশ্ন

মাদ্রাসা শিক্ষা খাতের বরাদ্দ কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (১৩ জুন) পর্যন্ত বেতন ছাড় না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

একই দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কথা বলা হচ্ছে, অথচ মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা আজ পর্যন্ত মে মাসের বেতন পাননি — এটা শিক্ষামন্ত্রী জানেন কি না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় জানায় মাদ্রাসা বিভাগের বরাদ্দ কোডে বেতন পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ নেই। বিষয়টি সংশ্লিষ্ট দুই মন্ত্রীর নজরে আনা হলে তারা সমস্যা সমাধানে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা যথাসময়ে চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তবে কোডে অর্থ না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের ভাষায়, চাহিদাপত্র পাঠানোর পর অনুমোদন বা নির্দেশনা এলে বাকি ধাপ সম্পন্ন করা যায়; কিন্তু কোডেই যদি অর্থ না থাকে, তাহলে সমাধানটা মন্ত্রণালয়কেই দিতে হবে।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বরাদ্দ সংকটের কারণে বেতন পরিশোধে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তা এখনই বলা সম্ভব নয়।