বরগুনায় অজ্ঞাত যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার  বেলা ১১টার দিকে পাথরঘাটা থানা পুলিশ বিষখালী নদীর গহরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাত-পা বাঁধা মস্তকবিহীন লাশের বস্তাটি ব্লকের সঙ্গে বাঁধা ছিল। লাশটি জেলেদের জালে আটকে গেলে শনিবার সকাল ১০টার দিকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করলেও মাথা না থাকায় পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এদিকে রেহেনা বেগম নামে এক নারী মরদেহটি তার দেবর ফারুক আকনের বলে দাবি করেছেন। তার বাড়ি কাকচিড়া ইউনিয়নের রূপধন গ্রামে। ফারুক আকন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি আরো দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা নিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ফারুক আকনের কি না তা জানা যাবে ডিএনএ টেস্টের পরে।