ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

খুলনার জিআরপি থানায় তিন সন্তানের মাকে (৩০) গণধর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারী গত শুক্রবার রাতে জিআরপি থানায় মামলা করেন। মামলার অপর চার আসামি হলেন—ঘটনার সময় ডিউটিরত কর্মকর্তা ও অজ্ঞাত আরো তিনজন। তবে মামলায় আসামিদের কারো নাম উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ বলেন, জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে ওসি উছমান গণিসহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা নিবারণ আইনে মামলা হয়েছে। এ মামলার বাদী ভুক্তভোগী নারী নিজেই। তিনি আরো বলেন, তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।  তবে এ সময় বাড়তে পারে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার নারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের পরেই আদালতের নির্দেশে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।