পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে করমজাতলা এলাকায় শুক্রবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার চান মিয়া হওলাদার (৪১) নিহত হয়েছেন। নিহত চান মিয়া বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে।
পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ রাত তিনটার দিকে সদর উপজেলার করমজাতলা এলাকায় অভিযান চালায়। এসময় চান মিয়া ও তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হন।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ চান মিয়ার লাশ উদ্ধার করে। সেখান থেকে একটি পাইপগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, চান মিয়ার বিরুদ্ধে পটুয়াখালী সদরসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতির কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।