নরসিংদী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১৪ জুন) স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
এর আগে গত ১৪ মে ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল। নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯টিতে।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৭টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত।
এদিকে রাজধানীতে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মেডিকেল কলেজ হলেও এটি বিইউপির অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই বিবেচনায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ দেশের ৩৮তম এবং নরসিংদী মেডিকেল কলেজ ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে যুক্ত হলো।