রাজধানীতে ১৪ তলা থেকে পড়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম তানজিনা আক্তার রুপা (১৭)। তিনি রাজধানীর আলী আহম্মেদ স্কুল এন্ড কলেজে এইচএসসি’র শিক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার দুপুরে রুপা তার ভাইয়ের সঙ্গে ‘সিটি  সেন্টার’ দেখতে এসে বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

নিহত তানজিনা আক্তার রুপার সত্ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট জানান, তাদের বাসা ঢাকার দক্ষিণ গোড়ানে। গতকাল দুপুরে তিনি ও রুপা সিটি সেন্টার দেখতে যান। তারা দুপুর সাড়ে তিনটার দিকে ৩২ তলার ছাদে গিয়ে হেলিপ্যাড দেখেন। এরপর তারা ১৪ তলায় নেমে আসেন। সম্রাট ১৪ তলায় পাশের সিকিউরিটি রুমে যান। তখন হঠাত্ তিনি শুনতে পান নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই তিনি দেখতে পান যে তার বোন নিচে পড়ে আছে। পরে মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম ঘটনাস্থল গিয়ে পড়ে থাকা তার লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। আরিফুল ইসলাম জানান, রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কিনা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।