ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের উপকূলের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার বিকেলের দিকে এই কম্পন অনুভূত হয় বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ৯৪ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনেরোসো এলাকা থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

অন্যদিকে সংস্থা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও জানিয়েছে, মিন্দানাও দ্বীপের নিকটবর্তী সাগরে প্রায় ১১২ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো সম্ভাব্য আফটারশক ও উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির ঝুঁকি নিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই একই অঞ্চলে আঘাত হানা আরেকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই এলাকায় বাড়তি সতর্কতা জারি থাকার মধ্যেই নতুন করে এই ভূমিকম্প অনুভূত হলো।
সূত্র: এএফপি