চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে অন্তত ১ জন নিহত এবং চারজন আহত হওয়ার খবর জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলে হাইশি অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকালের দিকে আঘাত ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি মূল্যায়ন করছে।
মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ ছিল বলে জানিয়েছে সিইএনসি।
উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে।