দীঘিতে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ 

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত রাহাত স্থানীয়ভাবে গাটু নামে পরিচিত। সে উত্তর হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল আকারের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত দুইজন মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর আজ সকাল ৮টার দিকে নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়। এসময় ভাঙচুরকারীরা প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে ভাঙচুর করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।