সবার আগে দরকার বিনিয়োগ: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সবার আগে যেমন বাংলাদেশ দরকার তেমনই সবার আগে বিনিয়োগও দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘৭৫ এর পরে দেশ যখন সংকটে পড়েছিল সেখান থেকে উঠতে নানা কৌশলে অর্থনীতিতে নতুন রকমের উত্তোরণ ঘটেছে। সবার আগে যেমন বাংলাদেশ দরকার তেমনই সবার আগে বিনিয়োগও দরকার।’

বুধবার (১৭ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হলে সমালোচনার সংস্কৃতিও গড়ে তোলা দরকার। আমাদের প্রথমে দরকার বিনিয়োগকে কীভাবে উত্তোরণের দিকে নিয়ে যাওয়া যায়।

বাংলাদেশের ইতিহাসে এ প্রথমবারের মতো করকাঠামো পাঁচ বছরের মতো দেওয়া হয়েছে। যেটা যে কোনো বিনিয়োগকারীর জন্য উপকারী বলেও জানান তিনি।

তিনি বলেন, অর্থায়নের জন্য ৬০ হাজার কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব ব্যবস্থা দেখছে। আর ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকের।

তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবো এবং এটার একটা রোডম্যাপও আছে।

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানির ক্ষেত্রে ৩.৪৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে জুলাই পর্যন্ত তবে পুরো জাতির জন্য জ্বালানি হাব তৈরি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।