পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতিতে জনজীবনে দুর্ভোগ ও দারিদ্র্যের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এতে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসকেরাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করার প্রসঙ্গ তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, পতিত সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে। জনজীবনে দুর্ভোগ আসতে পারে, অতি দরিদ্রের সংখ্যা আরও বেড়ে যেতে পারে, নিম্নবিত্ত আরও দরিদ্র হতে পারে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘একরকম বৈরী পরিবেশেও বর্তমান সরকার কৃষক ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জ্বালানি তেলের এবং বিদ্যুতের দাম সমন্বয় করেনি বা বাড়ানো হয়নি। এত বড় শাস্তি আমরা পাচ্ছি শুধু জনগণের প্রতি দায়বদ্ধ বলে।’
কখনো কোনো রাজনৈতিক দল বা জোট আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের ইশতেহারে বাস্তবতাকে সামনে রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন হবে। তারই অংশ হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলার কয়েকজন সংসদ সদস্য, জেলাগুলোর প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

