কুমিল্লায় বড় দুই দলের অধিকাংশ প্রার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী কুমিল্লার ১১টি সংসদীয় আসনের আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত অধিকাংশ প্রার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত। তবে মনোনয়নপত্র জমা দেওয়া ১৩৪ জন প্রার্থীর মধ্যে ১১৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। জেলার আলোচিত ২৫ জন প্রার্থীর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ১২ জনের এবং তিনজন প্রার্থী এইচএসসি পাস করেছেন। এ ছাড়া ১১ জন স্বশিক্ষিত ও দুইজন সাক্ষরজ্ঞানসম্পন্ন। দুইজন প্রার্থী পঞ্চম ও সপ্তম শ্রেণি পাস করেছেন। একজন এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। হলফনামার ১নম্বর অনুচ্ছেদে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কলামে প্রার্থীরা নিজেরাই এ তথ্য উল্লেখ করেছেন।

প্রার্থীদের দাখিলকৃত হলফনামা ঘেঁটে জানা যায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলি ভূঁইয়া বিএ অনার্স ডিগ্রিধারী। অপরদিকে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পিএইচডি ডিগ্রিধারী। কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ (মেরী) এম.কম ব্যবস্থাপনা, স্বতন্ত্র প্রার্থী খন্দকার মারুফ হোসেন পিএইচডি ডিগ্রিধারী এবং জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী বর্তমান এমপি আমির হোসেন আলিম পাস। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বি.কম অনার্স ডিগ্রিধারী, বিএনপির প্রার্থী কেএম মজিবুল হক এমবিএ এবং একই দলের অপর প্রার্থী শাহিদা রফিক পিএইচডি ডিগ্রিধারী। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল বিবিএ পাস করেছেন এবং বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বিএসসি ইঞ্জিনিয়ার। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি আবদুল মতিন খসরু এলএলবি ডিগ্রিধারী এবং বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ স্নাতক সম্মান ও একই দলের অপর প্রার্থী মো. ইউনুস এমএসসি ডিগ্রিধারী। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীন স্নাতক ডিগ্রিধারী। এ আসনে বিএনপির প্রার্থী মোঃ মনিরুল হক চৌধুরী এমএসসি ডিগ্রিধারী, তিনি কুমিল্লা-১০ আসনেও দলের প্রার্থী। এখানে বিএনপির অপর প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ (ইয়াছিন) এইচএসসি পাস করেছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি আলী আশরাফ এমএ পাস করেছেন এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এলএলএম ডিগ্রিধারী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী (নজরুল) এইচএসসি পাস করেছেন। এ আসনে জাতীয় পার্টির (এরশাদ) বর্তমান এমপি নুরুল ইসলাম মিলন এমএসসি ডিগ্রিধারী এবং বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের (সুমন) ব্যাচেলর অব. সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট ও একই দলের অপর প্রার্থী খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু) বিএসএস ডিগ্রিধারী। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মো. তাজুল ইসলাম এমবিএ ডিগ্রিধারী। এ আসনে বিএনপির প্রার্থী এম আনোয়ার উল আজিম বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চার্টার্ড একাউনটেন্সি (সিএ) ডিগ্রিধারী এবং বিএনপির মো. আবদুল গফুর ভূঁইয়া এমএসসি, একই দলের অপর প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এমবিএ ও মীর জাফর শামসুদ্দিন বিএ অনার্স ডিগ্রিধারী। কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বিকম ডিগ্রিধারী এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমবিবিএস ডিগ্রিধারী।

হলফনামার নথি ঘেঁটে দেখা গেছে, কুমিল্লা-২ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল লতিফ স্বশিক্ষিত ও মুসলিম লীগের প্রার্থী নূরে আলম ভূঁইয়া ১৯৮৫ সালে এসএসসিতে অকৃতকার্য। কুমিল্লা-৩ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. হেলালউদ্দিন, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. কামালউদ্দিন ভূঞা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম ও জাতীয় পার্টির আক্তার হোসেন স্বশিক্ষিত এবং জাতীয় পার্টির আলমগীর হোসেন পঞ্চম শ্রেণি ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সপ্তম শ্রেণি পাস করেছেন। কুমিল্লা-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আবদুল মালেক ও ইসলামী আন্দোলনের মো. বেন ইয়ামিন সরকার স্বশিক্ষিত। কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিস স্বশিক্ষিত। কুমিল্লা-৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মোঃ শাহজাহান সিরাজ সাক্ষরজ্ঞানসম্পন্ন। কুমিল্লা-৮ আসনে ইসলামী আন্দোলনের মিজানুর রহমান স্বশিক্ষিত ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. আহসানউল্লাহ সাক্ষরজ্ঞানসম্পন্ন। কুমিল্লা-৯ আসনে ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ স্বশিক্ষিত এবং কুমিল্লা-১১ আসনে বিকল্পধারা বাংলাদেশের শামছুল হক জেহাদী স্বশিক্ষিত।

কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, এমপি প্রার্থী হতে হলে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্য-বাধকতা নেই। তবে মেম্বার অব পার্লামেন্টকে সমাজসেবা ও শিক্ষা এই দুইয়ের সমন্বয় প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ভালো হলে তিনি ভালো আইন প্রণয়ন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সমাজসেবার মানসিকতা না থাকলে তিনি জনগণের জন্য কাজ করবেন না। এদিকে শিক্ষার বিষয়টি মাথায় রেখে ভোটাররাও নির্বাচনে সিদ্ধান্ত নিতে পারেন।