বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে বিএনপির সংসদ সদস্যের একটি বক্তব্যের প্রতিবাদে ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বিএনপির এমপি খন্দকার আবু আশফাককে উদ্দেশ করে বলেন, ‘আপনি মাওলানা মামুনুল হককে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্টগুলো খুবই পুরাতন। পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে তাহলে মগজে শান দিন।’
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লিখেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘খন্দকার আবু আশফাক, আপনি মাওলানা মামুনুল হককে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্টগুলো খুবই পুরাতন এবং আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর উপরেও শতবার এপ্লাই করা হয়েছে। এত সহজে এবং এত দ্রুত ভুলে গেলে চলবে?’
সারজিস আলম লিখেন, ‘এই ফ্রেমিংয়ের মাধ্যমে রাতের ভোট চুরিকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে দেখানো হয়েছে, দাঁড়ি টুপিওয়ালাদের দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, অসংখ্য নিরপরাধ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করা হয়েছে, শাপলা গণহত্যাকে হেফাজতের উগ্র আস্ফালন হিসেবে দেখানো হয়েছে এমনকি বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার অপবাদ দেওয়া হয়েছে। আর জনাব তারেক রহমান থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত কি বলা হয়েছে সেটা নিশ্চয়ই মনে থাকার কথা! সেই স্ক্রিপ্টগুলো যে পরিকল্পিত সেটা বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে তাহলে মগজে শান দিন। কিন্তু পুরনো সেই পথ অনুসরণ করলে পরিণতি আরও শোচনীয় হবে।’