সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার বাদী বগুড়ায় কর্মরত বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন গত ১৭ জুন বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে পত্রিকাটিতে প্রকাশিত কয়েকটি সংবাদের জেরে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
মামলায় রেজানুর ইসলামসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।
এজাহারে বলা হয়েছে, ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ফেসবুক পেজে গত ৪ মে ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে ১১ জুন ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ এবং ১২ জুন ‘এবার সাংবাদিকের উপদেশ দিলেন রাস্তা কাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে আরও দুটি সংবাদ প্রকাশ করা হয়।
বাদীর অভিযোগ, এসব প্রতিবেদনে ভুয়া ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিমন্ত্রীর পাশাপাশি তাকেও নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রহমতুল্লাহ মানিক বৃহস্পতিবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, রেজানুর ইসলামের এক স্বজন, যিনি পেশায় আইনজীবী, নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার আদালতে তার জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়েছে। আগামী রোববার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
তিনি দাবি করেন, রেজানুর ইসলামকে দণ্ডবিধির ৩৮৫ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও মামলার এজাহারে তার বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ নেই।