আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না।
নামাজের কথা সামনে আসতেই অনেকে জানতে চান, নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী? উভয় সালাম কোত্থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে? চলুন তাহলে জেনে নিই সালাম ফেরানো সঠিক পদ্ধতি-
নামাজ শেষে সালাম ফেরানো ওয়াজিব। নামাজ শুরু হয় ‘তাকবিরে তাহরিমা’ বা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আর শেষ হয় ‘সালাম’ ফেরানোর মাধ্যমে। সেক্ষেত্রে সালাম ফেরানোর সময় কখন সালাম বলবে এবং কখন মাথা ঘুরাবে তা নিয়ে অনেককেই সংশয়ে পড়তে দেখা যায়।
নামাজের সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله)বলে ডান ও বাম দিকে সালাম ফেরানো। কিন্তু এ সালাম কীভাবে ফেরাতে হবে। সালাম ফেরানোর সময় কীভাবে শুরু করতে হবে, কীভাবে শেষ করতে হবে? নাকি সামনের দিকে তাকিয়ে সালাম বলে তারপর ডানে বামে চেহারা ফেরাতে হবে।
নামাজের সালামের সময় শব্দগুলো অতিরিক্ত দীর্ঘ বা ‘মদ’ (টেনে) না করে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, সালাম ‘হাজফ’ করা সুন্নত। বিখ্যাত হাদিসবিশারদ ইবনে মোবারক (রহ.) এই ‘হাজফ’-এর ব্যাখ্যায় বলেন—‘হাজফ’ অর্থ হলো, সালামের শব্দকে বেশি ‘মদ’ না করা, অর্থাৎ টেনে দীর্ঘ না করা। (জামে তিরমিজি: ২৯৭)
সালাম ফেরানোর সঠিক পদ্ধতি
চেহারা কেবলা দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করবে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله) বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরাবে। অনুরূপ দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও কিবলার দিক থেকে সালাম বলা শুরু করবে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ (اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله) বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে বাম দিকে ফেরাবে।
বিখ্যাত হাদিসবিশারদ ইমাম নববি (রহ.) বলেন, ‘কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘুরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যাতে চেহারা ঘুরানো শেষ হওয়ার সাথে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব : ৩/৪৫৮)