জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সোমবার (২২ জুন) সংসদের সংশ্লিষ্ট দপ্তরে এই উপহার পৌঁছে দেওয়া হয়। সংসদ সূত্র জানিয়েছে, প্রতিটি প্যাকেটে ১০ কেজি ওজনের প্রিমিয়াম কোয়ালিটির মৌসুমি আম ছিল। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংসদ ভবনের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন। সোমবার সকাল থেকেই ১০ কেজির প্যাকেটে কী আছে তা নিয়ে সংসদ ভবনের করিডোরগুলোতে কৌতূহল দেখা গিয়েছিল।
এই উপহার বিতরণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এর সমবণ্টন। সাধারণত সংসদীয় সংস্কৃতিতে কেবল ভিআইপিরাই বিভিন্ন উপহারের তালিকায় থাকেন, কিন্তু ড. শফিকুর রহমানের পাঠানো এই উপহারের তালিকায় সংসদ সচিবালয়ের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও অন্তর্ভুক্ত ছিলেন।
সংসদ সচিবালয়ের একজন অফিস সহায়ক প্রতিক্রিয়ায় জানান, বড় বড় নেতাদের উপহার সাধারণত তারা দূর থেকেই দেখেন, কিন্তু বিরোধীদলীয় নেতা তাদের কথা মনে করে ১০ কেজির আম পাঠিয়ে সম্মানিত করেছেন।