ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতির ঘটনার ৭ ঘণ্টা পার হলেও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে পৌনে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ‘ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে কাজ করছে। উদ্ধারে কিছুটা সময় লাগবে। তবে উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’