চট্টগ্রামের মীরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গুদামসহ ৮টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মোহাম্মদ খানসাবের তুলা ও প্লাস্টিকের গুদামসহ আশপাশের দোকানগুলোতে। এতে গুদামসহ ৮টি দোকানের মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে মীরসরাই ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের আরও কয়েকটি স্থাপনা রক্ষা করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও কয়েকটি স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।
