পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মামলাটি দায়ের করেন সংঘর্ষে নিহত মহসীন খান লস্করের ছেলে সুলতান মাহমুদ খান। মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খানকে প্রধান আসামিসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বলেন, ৫১ জনকে আসামি করে মামলার এজাহার পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান এবং জাসদ থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সুলতান মাহমুদ খানের সমর্থিত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় মহসীন খান লস্কর (৬৮) ও প্রতিবেশী আব্দুল মালেক শেখ(৪০) খুন হন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন।