পুলিশে ব্যাপক রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকমে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত আইজিপি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

রদবদলের আওতায় প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এফডিএমএন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Screenshot 2026-06-28 194039

Screenshot 2026-06-28 194055