বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন ডলার।

এর আগে ২৫ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্ধারণ করা হয়। এই পদ্ধতিই বর্তমানে প্রকৃত রিজার্ভ হিসাবের আন্তর্জাতিক মান হিসেবে বিবেচিত হচ্ছে।