ব্যাটে-বলে বাজে দিন বাংলাদেশের, বড় লিডের পথে জিম্বাবুয়ে

হারারে টেস্টের প্রথম দিনটা বাজে গেছে বাংলাদেশের জন্য। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল টাইগাররা। বাংলাদেশকে মাত্র ১৪০ রানে গুঁটিয়ে দিয়ে প্রথম দিনে শক্ত অবস্থানে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্রুতই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দুজনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে টাইগারদের ইনিংসে।

৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। এতে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট শিকার করেছেন নিউম্যান নিয়ামহুরি। ২টি করে উইকেট তোলেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া এবং বেন কারান শুরু থেকেই ভালো ব্যাটিং করেছেন। ৫১ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে আগে সাজঘরে ফিরেন কারান।

শেষ বিকেলে ক্রিজে নামেন ব্রেন্ডন টেইলর। আর উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ১ উইকেটে ১৩৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। হাতে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ৪৫ বলে ১৭ রান করে টিকে আছেন টেইলর। ১০৮ বলে ৭৬ রান করে অপরাজিত আছেন কাইয়া।