মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সভাপতি তামিম ইকবাল। রোববার (২৮ জুন) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডের সামনে তার হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়।
এক বিবৃতিতে এমসিসি জানায়, তামিমসহ ৫ জনকে নতুন করে এমসিসির আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অন্য চারজন হলেন ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সফি ডেভেন ও অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।
এমসিসির প্রধান নির্বাহী ও সেক্রেটারি রব লসন তাদের স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমাদের নতুন আজীবন সম্মানিত সদস্য হিসেবে পাঁচজন অসামান্য ক্রিকেটারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’
বাংলাদেশ থেকে প্রথম এমসিসির সদস্যপদ পেয়েছিলেন বিসিবির প্রয়াত সহ-সভাপতি রাইস-উদ্দিন আহমেদ। এরপর ২০০৩ সালে সদস্যপদ পান বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ২০২৩ সালে এমসিসির আজীবন সদস্যপদ পান জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই অভিজাত তালিকায় এবার যুক্ত হলো তামিমের নাম।
এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালের অক্টোবরে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর সে পদ থেকে সরে দাঁড়ান তিনি।