টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

মূলপর্বই সালমাদের লক্ষ্য

আজ স্কটল্যান্ড যাচ্ছে মেয়েরা

 স্পোর্টস রিপোর্টার

আগামী ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হচ্ছে ২০২০ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের প্রথম দিনে ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আর এই বাছাই টুর্নামেন্টে অংশ নিতে আজ সকালে দেশ ছাড়ার কথা সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দলের। তার আগে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা বলে গেলেন, বাছাইপর্ব পার হয়ে মূলপর্বে খেলা ছাড়া আর কিছু ভাবছেন না তারা।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাছাইপর্ব ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। এই বাছাইপর্ব থেকে সেরা দুটি দল অংশ নেবে মূল টুর্নামেন্টে। সালমা বলছিলেন, এই সেরা দুটি দলের মধ্যে জায়গা করে নেওয়ার কোনো বিকল্প তিনি দেখেন না, ‘কোনো দলকে ছোটো না করেই বলা যায়, আমরা এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ফলে আমাদের অবশ্যই এই টুর্নামেন্টের ফাইনাল খেলা উচিত এবং বাছাইপর্ব পার করা উচিত। আমরা আসলে এছাড়া আর কিছু ভাবছি না। এই টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা প্রস্তুত। আমরা এখানে ভালো করে অস্ট্রেলিয়ায় মূল টুর্নামেন্টে জায়গা করে নিতে চাই।’

জিম্বাবুয়ের বদলি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে নামিবিয়া। তারা আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়ের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল। এছাড়া ইউরোপ থেকে নেদারল্যান্ডস, পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে পাপুয়া নিউগিনি, এশিয়া থেকে থাইল্যান্ড ও আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র এসেছে এই টুর্নামেন্টে। এরা সবাই যার যার অঞ্চলের সেরা দল হয়েছিল। স্কটল্যান্ড স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে।

এখানে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। নিজের গ্রুপের বাকি দলগুলো সম্পর্কে যতটুকু সালমারা জানতে পেরেছেন, তাতে তিনি আত্মবিশ্বাসীই আছেন, ‘আসলে যারা এখানে আসছে, সবাই যার যার সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। শুরুতে তো সবারই লক্ষ্য থাকবে, বাছাইপর্ব পার করা। তাই কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। তবে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে আমরা এগিয়ে আছি বলেই মনে হয়। অবশ্য এই এগিয়ে থাকাটা অর্থহীন হয়ে যাবে আমরা মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে। আমরা সে জন্য ভালো ক্রিকেটটা খেলতে চাই। আমরা আত্মবিশ্বাসী আছি।’

টুর্নামেন্টের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে সব কটি দল। ২৯ আগস্ট বাংলাদেশ তার প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে; আরব্রোয়াথ স্পোর্টস ক্লাবে। উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলার পর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল এবং সবগুলো স্থান নির্ধারণী ম্যাচ।

সালমা মনে করেন, এই টুর্নামেন্টকে সামনে রেখে যেরকম প্রস্তুতি দরকার ছিল, তা তারা নিতে পেরেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় ভালো মানের ক্রিকেট খেলে এসেছে। এর আগে রাজশাহীতে টানা ক্যাম্প করেছি। এখানে ছেলেদের সাথে ম্যাচ খেলেছি। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো।’