জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হারের কারণ জানালেন শান্ত

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ছন্দে ছিল বাংলাদেশ দল। এমন অবস্থায়ও হারারেতে জিম্বাবুয়ের কাছে টাইগাররা হেরেছে ইনিংস ও ৮৫ রানে। এমন হারের পর হতাশার কথা বললেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হারের কারণ নিয়ে শান্ত বলেন, 'প্রথম ইনিংসের ব্যাটিংয়ে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই হতাশাজনক পারফরম্যান্স ছিল। পুরো ইউনিটই ভালো করতে পারিনি। প্রথম ইনিংসে বোলিংও যে ভালো করেছি তা না। প্রথম ইনিংসের ব্যাটিং ও বোলিংয়ের কারণেই এই ম্যাচে এত খারাপ হয়েছে।'

হারের পেছনে কন্ডিশনের দায়ও দেখছেন শান্ত, 'কন্ডিশন ঠিকভাবে মানিয়ে নিয়ে ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাটিংয়ের দিক থেকে খুব কঠিন ছিল। ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল যা করতে পারিনি। নিজেদের কন্ডিশন হওয়ায় স্বাভাবিকভাবেই ওরা আমাদের চেয়ে বেশি জানে। ওরা মানিয়ে নিতে পেরেছে, আমরা পারিনি।'

টাইগার অধিনায়ক আরও বলেন, 'অনেক হতাশাজনক পারফরম্যান্স ছিল। যেভাবে টেস্ট খেলছিলাম গত কিছু দিন ধরে এরপর এমন পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক।'