ফাইনালে যুবাদের হার

স্পোর্টস রিপোর্টার

ভারতের বিপক্ষে ফাইনালে হারটা বাংলাদেশের কাছে নতুন অভিজ্ঞতা নয়। এবার সিনিয়রদের এই যন্ত্রণায় পুড়ল যুব দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু রবিবার অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে তারা।

আগে ব্যাট করা বাংলাদেশ যুব দল ২৬১ রান করে অলআউট হয়েছিল। জবাবে ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দলটি। বিফলে গেছে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি।

বাংলাদেশের শুরুটা বেশ ভালো হয়েছিল। উদ্বোধনী জুটিতে ৫৮ রান উঠেছিল। ওপেনার তানজিদ হাসান ২৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর মাহমুদুল হাসানের সঙ্গে বড় জুটি করেন পারভেজ হোসেন ইমন। ইমন ৬০ রান করে ফিরে আসেন। আর এখান থেকেই শুরু হয় ধস।

মাহমুদুল হাসান এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাতায়াত দেখেছেন। এর মধ্যে কেবল শামীম ৩২ রান করেছিলেন। বাকিরা কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল আউট হন ১০৯ রান করে।

জবাবে ভারত শুরু থেকেই জয়ের পথে ছিল। অধিনায়ক প্রিয়ম গর্গ ৭৩ রান করেন। এ ছাড়া জুরেল অপরাজিত ৫৯, সাক্সেনা ৫৫ ও জয়সাল ৫০ রান করেন।