স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটি যুব পর্যায়ের খেলোয়াড় দলে ভেড়ানোয় ফিফার নিয়ম ভঙ্গের কারণে জরিমানার সম্মুখীন হয়েছে। তবে তিন লাখ ১৫ হাজার পাউন্ডের এই জরিমানায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের খুশিই হবার কথা। দলবদলে নিষেধাজ্ঞা থেকে রেহাই যে মিলেছে তাদের!
ফিফা জানিয়েছে তাদের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করেছে ম্যানসিটি। যেখানে লেখা আছে, ‘আন্তর্জাতিক খেলোয়াড়দের দলবদল তখনই অনুমোদিত হবে যখন খেলোয়াড়দের বয়স ১৮ বছর হবে।’ তবে কিছু বিকল্প ধারাও আছে। অনূর্ধ্ব ১৮ খেলোয়াড়ের বাবা-মা খেলোয়াড়টির সঙ্গে ক্লাবের কাছাকাছি চলে এলে, খেলোয়াড়ের জন্মস্থানের ১০০ কিলোমিটারের কাছাকাছি ক্লাবটির অবস্থান হলে কিংবা দুটো ক্লাবই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে সেক্ষেত্রে ১৮ বছরের কম হলেও খেলোয়াড় দলে ভেড়াতে পারবে ক্লাবগুলো।
ফিফার মতে এই ধারাটিই ভেঙেছে সিটি। তবে সিটি জানিয়েছে সবগুলো নিয়ম লঙ্ঘনই ঘটেছে ২০১৬ সালে, অনুচ্ছেদের ধারা ভুল বোঝার কারণে। একই কারণে চলতি বছর চেলসি দুইটি দলবদল মৌসুমে খেলোয়াড় কেনা থেকে নিষিদ্ধ হয়েছে। তবে সিটির ভাগ্য অতটা খারাপ নয়। কেবলই জরিমানার মুখে পড়েছে তারা। এর আগে ২০১৭ সালে প্রিমিয়ার লিগের দলবদল নিয়ম ভঙ্গের দায়ে দুই বছর অ্যাকাডেমি খেলোয়াড় দলে ভেড়ানো থেকে নিষিদ্ধ হয়েছিল সিটি।