আফগানদের বিপক্ষে জামালদের ম্যাচ তাজিকিস্তানে

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা কোথায় হবে তা নিয়ে অনেক দিন রশি টানাটানি হয়েছে। কারণ আফগানিস্তানে যেভাবে বোমা বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাচ্ছে, সেখানে বিদেশি দল গিয়ে নিশ্চিত থাকতে পারবে না। ফিফা সেটা বুঝে ভেন্যু নির্ধারণে আফগানিস্তানকে অনুমোদন দিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা তাজিকিস্তানের রাজধানী দুসানবেতে অনুষ্ঠিত হবে। ফিরতি ম্যাচ ঢাকায়, ২৬ মার্চ। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চীনে অনুষ্ঠিতব্য ২০২৩ এশিয়ান কাপ দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ের ঐ একটা খেলা ছাড়া বাকি খেলাগুলো নিজ নিজ ভেন্যুতেই হবে। এশিয়া অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ ‘ই’ গ্রুপে খেলছে। বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া ‘ই’ গ্রুপে রয়েছে কাতার, ওমান এবং ভারত।