সারিয়াকান্দিতে যমুনায় নৌকা ডুবে দুই জনের মৃত্যু

পাঁচ জন নিখোঁজ

বগুড়া অফিস

জেলার সারিয়াকান্দিতে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো পাঁচ যাত্রী। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকদাইড় চর থেকে শতাধিক যাত্রী নিয়ে কালিতলা ঘাটের উদ্দেশে ছেড়ে আসা খেয়া নৌকা পাকুরিয়া চরের কাছে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় পেছনে থাকা অন্য একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর অসুস্থ দুই নারীকে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জহুরা বেগম ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মানিকদাইড় গ্রামের মৃত মোনছের আলীর স্ত্রী আমেনা বেগম।

নিখোঁজরা হলো, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখগাছা কেল্লাগাড়ী গ্রামের কাজলী বেগম, মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের জহর আলী ও তার শিশু কন্যা সুরমা, সারিয়াকান্দি উপজেলার চরপাকেরদহ গ্রামের জাহিদুল ইসলাম ও জাহিদুলের ৭ মাসের শিশু পুত্র।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনার দিন দুপুর আড়াইটায় রাজশাহী থেকে ডুবুরিদল গিয়ে অভিযান চালায়। কিন্তু নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার এসআই সুব্রত কুমার জানান, যমুনা নদীতে নৌকা ডুবিতে দুইজন নারী মারা গেছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি।

 সিরাজগঞ্জে ঝড়ে যমুনায় নৌকাডুবি

দুই জনের মৃত্যু, নিখোঁজ ছয়

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাস মনসুর নগর মানজানাবাড়ি ঘাট এলাকায় বুধবার দুপুরে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়। নিখোঁজ রয়েছে আরো ছয় বরযাত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি মাজনাবাড়ি এলাকায় পৌঁছলে যমুনায় ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। অন্যারা তীরে সাঁতরে উঠতে সক্ষম হলেও আট জন বরযাত্রী নিখোঁজ হন। পরে দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছেন।