রবীচন্দ্রন অশ্বিনের সামনে হাতছানি ছিল। পারেননি শেষ পর্যন্ত। সম্ভাবনা জাগিয়েও পারেননি ডেল স্টেইন, ওয়াকার ইউনিস, স্টুয়ার্ট ম্যাকগিলরা। সময়ের পরিক্রমায় রেকর্ডটির বয়স ছুঁতে চলছিল ৮৩ বছর। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেট নিয়ে পাকিস্তানের লেগ স্পিনার নাম লেখালেন ইতিহাসে। সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনারকে। ৩৬ টেস্ট খেলে ২০০ উইকেট ছুঁয়েছিলেন ক্ল্যারি গ্রিমেট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রেকর্ডটি গড়েছিলেন ১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবি টেস্টের তৃতীয় সকালে তাকে ছাড়িয়ে গেলেন ইয়াসির। তার লেগেছে ৩৩ টেস্ট। এই সিরিজের প্রথম টেস্টে ইয়াসির নিয়েছিলেন ৮ উইকেট। পরের টেস্টে ১৪টি। চলতি টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আগের দিন শেষ করেন ১৯৯ উইকেট নিয়ে। তৃতীয় দিন সকালে নাইটওয়াচম্যান উইলিয়াম সামারভিলকে বোল্ড করে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে।