g এনডিটিভি
পৃথিবীর কক্ষপথের গণ্ডিতে আটকে নেই চন্দ্রযান-২। আমাদের গ্রহটিকে ‘গুড বাই’ জানিয়ে ভারতের দ্বিতীয় চন্দ্রযান মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার ভোর ৪টার মধ্যে ঢুকে পড়েছে সরাসরি চাঁদে পৌঁছানোর পথে। সাত দিন ধরে সেই পথ পেরোনোর পর চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে ঢুকবে ২০ আগস্ট, আগামী মঙ্গলবারের ঊষালগ্নেই। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে এখনো সরু সুতোয় ঝুলে রয়েছে ‘চন্দ্রযান-২’-এর ভাগ্য! হিসেবের একটু এদিক ওদিক হয়ে গেলেই জলে যাবে ১ হাজার কোটি টাকা। কারণ, পৃথিবীর কক্ষপথের বাইরে চলে গেলেও এখনো চন্দ্রযান-২-এর ওপর রয়েছে পৃথিবীর অভিকর্ষ বল। ১৪ আগস্ট থেকে যতই একটু একটু করে চাঁদের দিকে এগিয়ে যাবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান, ততই তার ওপর একটু একটু করে কমবে পৃথিবীর অভিকর্ষ বল। বাড়তে থাকবে চাঁদের অভিকর্ষ বল।
চাঁদ পৃথিবী থেকে রয়েছে ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার দূরে। কিন্তু চাঁদ আর পৃথিবীর মাঝে এমন একটি বিন্দু রয়েছে, যেখানে চাঁদ ও পৃথিবীর অভিকর্ষ বলের পরিমাণটা হয় সমান সমান। ঐ বিন্দুটিকে বলা হয়, ‘ল্যাগরাঞ্জ-ওয়ান (এল-ওয়ান) পয়েন্ট’। সেই বিন্দুতে যখন পৌঁছাবে চন্দ্রযান-২, আর তখন যদি চাঁদ পৃথিবী থেকে থাকে সবচেয়ে বেশি দূরত্বে, সেই সময়টিই হবে চাঁদের কাছের কক্ষপথে ঢুকে পড়ার জন্য চন্দ্রযান-২-এর পক্ষে সেরা সময়। ।