সিলেটের সঙ্গে রাজধানী শহরের যোগাযোগব্যবস্থা অত্যন্ত নাজুক। তা সত্ত্বেও হাজার হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে সিলেট যাতায়াত করছে। যাত্রীদের অনেকেই সবসময় রেলপথ ব্যবহার করেন। সম্প্রতি কয়েকটি রেল দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভয় নিয়ে তাঁদের ট্রেনযাত্রা করতে হচ্ছে। যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ছে; এই ক্রমবর্ধমান যাত্রীকে ট্রেনের প্রতি আগ্রহী করে তুলতে পারলে রেলওয়ে মুনাফা আরো বৃদ্ধি পাবে। আর তা সম্ভব যাত্রীদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে। এ প্রসঙ্গে বলা যায়—সিলেট-ঢাকা রুটে বিরতিহীন অত্যাধুনিক ট্রেন চালু, একক লাইন ডবল লাইনে উন্নীত করা, মিটারগেজের পরিবর্তে ব্রডগেজ ট্রেন চালু করা এবং ত্রুটিযুক্ত রেললাইন মেরামতের কথা। রেলওয়ে কর্তৃপক্ষ উল্লিখিত বিষয়গুলো আমলে নিলে যাত্রীসাধারণের দুর্ভোগ কমবে।
সুজিত পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা