আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন—বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, অন্ধকারের দিন শেষ, কেউ আর অন্ধকারের দিকে যাবে না। পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে তিনি তার নির্বাচনী এলাকা কাজিপুরে ঈদের দিন এবং পরেরদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আরো বলেছেন- এবারের ঈদ সকলেই স্বস্তিতে পালন করেছে। দেশের সর্বত্রই উত্সবমুখর ও একটি শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উদ্যাপিত হয়েছে। তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সড়ক ও রেলপথে যাত্রায় ভোগান্তি সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরই সড়ক ও রেলপথে অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির কথা মাথায় রেখে আগামীদিনে তা দূর করার ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান। এছাড়াও মঙ্গলবার বিকেলে সরকারের সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ জেলা শহরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের দেখতে যান।