ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। বড়হিত ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের আবুল হাশেমের সঙ্গে ভাই আব্দুর রাশেদের পরিবারের মধ্যে এই সংঘর্ষে আবুল হাসেম (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২৫) এবং রাশেদের ছেলে আজিবুল হক (৩০) মারা গেছেন।
জানা যায়, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকালে দুই পক্ষ সালিশে বসে। সালিশ চলাকালেই দুই পক্ষ আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে আব্দুর রাশেদের পরিবারের লোকজনের ধারালো অস্ত্রের কোপে জহিরুল গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এরই জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষে আবুল হাসেম, তার অন্য দুই ছেলে খাইরুল ও মাজাহারুল এবং আব্দুর রাশেদের ছেলে আজিবুলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে হাসেম ও রাশেদের ছেলে আজিবুলের মৃত্যু হয়।
হাসেমের দুই ছেলে খাইরুল ও মাজাহারুল এখনো ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা রামদা, সাতটি বল্লমসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার পরপরই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
০