পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত-শাসিত কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ একটি ‘কৌশলগত ভুল’ আর এই ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বুধবার পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান এবং সেখানকার আইন পরিষদের এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি এসব কথা বলেন।
ইমরান বলেন, নরেন্দ্র মোদি ধারাবাহিকভাবে ভুল করে চলেছেন। তিনি তার শেষ কার্ডটি আগেই খেলে ফেলেছেন। তারা এখন কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কাশ্মীরের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর নিয়ে যদি দুই দেশের জনগণকে কোনো ‘দুর্ঘটনার’ শিকার হতে হয়, দায় মোদিকে নিতে হবে।
পাকিস্তানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিপি জানিয়েছে, ইমরান তার ভাষণে কাশ্মীরের আইন পরিষদকে জানিয়েছেন যে আজাদ কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। ভারতের দিক থেকে যে কোনো হুমকি মোকাবিলার জন্য পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
পাকিস্তানে ‘কাশ্মীর সংহতি দিবস’ :অন্যান্য বছরের তুলনায় পাকিস্তান এবার তার স্বাধীনতা দিবসকে ভিন্নভাবে উদ্যাপন করছে। এই দিনটিকে তারা ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে পালন করছে। এই উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে যাতে লেখা হয়েছে ‘কাশ্মীর বনেগা পাকিস্তান’ (কাশ্মীর হবে পাকিস্তান)। পাকিস্তানের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোও তাদের পর্দায় এই লোগো ব্যবহার করছে।