অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আর্থিক খাতের সমস্যা সমাধানে ব্যাংক কমিশন গঠন হবে। তবে কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো দূর হলেই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। বুধবার বিকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও লিজিং কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে লিজিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হলাম। তাদের প্রায় সবার একই অভিযোগ, তাদের কাছ থেকে ঋণ নিয়ে গ্রহীতারা সময়মতো ফেরত দিচ্ছেন না। ফলে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঋণ আদায়ে পদক্ষেপ নিলেই ঋণগ্রহীতারা উচ্চ আদালতে মামলা করছেন। ফলে ঋণের টাকা আদায় করা সম্ভব হচ্ছে না। অর্থমন্ত্রী বলেন, তাদের সমস্যা দূর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পিপলস লিজিং ছাড়া আরো তিন-চারটি প্রতিষ্ঠানের অবস্থা খারাপ বলে আমরা জেনেছি। সেগুলো সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।