সাবেক তথ্যমন্ত্রী ড. মীজানূর রহমান শেলী আর নেই। গত সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন) । তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর গ্রীন রোড জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মীজানূর রহমান শেলী ছিলেন সরকারি কর্মকর্তা, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতা ছেড়ে তিনি ১৯৬৭ সালে তত্কালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক থাকা অবস্থায় চাকরি থেকে অব্যাহতি নেন শেলী। তিনি ১৯৯০ সালে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য মীজানূর রহমান শেলীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।