ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলো সুপার কম্পিউটার

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। 

কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে অপ্টা সুপার কম্পিউটার। তাদের ভবিষ্যদ্বাণীতে ইংলিশরা এগিয়ে থাকলেও, স্বাগতিকদের বিপক্ষে থমাস টুখেলের দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। 

ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়াম আবার মেক্সিকানদের জন্য বড় সৌভাগ্যের ইঙ্গিত দেয়, যেখানে ১০ ম্যাচ খেলে ৮ জয় ও দুটি ড্র করে তারা। 

অপ্টা সুপার কম্পিউটারের মতে, দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য। মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের অতীত রেকর্ড ভালো হলেও, নিজেদের মাঠে মেক্সিকোর অসাধারণ সাফল্য ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৪০.৬ শতাংশ, মেক্সিকোর ৩১.৫ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭.৯ শতাংশ।