ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩১ প্রাণ

ঈদুল আজহার ছুটিতে বড়ো কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি। তবে সারা দেশে ছোটোখাটো দুর্ঘটনায় সড়কে ঝরেছে ৩১ প্রাণ। এরমধ্যে দিনাজপুরের ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের স্বপ্নপুরী এলাকায় মঙ্গলবার পিকনিকের চলন্ত বাসের ছাদ থেকে পড়ে বুলবুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুলবুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেজকারহাট গ্রামের অপিল উদ্দিনের ছেলে। একই দিন নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুরে বাসচাপায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ আসাদ কলিজিয়েট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক গাজী হারুন অর রশিদের মেয়ে লামিয়া (১৮) ও ঢাকায় বাসচালক হিসেবে কর্মরত রুপন মিয়া (৪২) নিহত হন। 

রংপুরের মিঠাপুকুরে ঈদের দিন রাতে ঢাকাগামী একটি নাইটকোচ অটোভ্যানকে চাপা দিলে তিন কিশোর নিহত হয়। এরা হলো—দুলু মিয়ার ছেলে মনির মিয়া (১৩), তোফাজ্জল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৪) ও কায়েস মিয়ার ছেলে শাওন মিয়া (১৪)। তারাগঞ্জে বাস উল্টে খাদে পড়ে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ও ছয় জন আহত হন। বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত ও ২০ জন আহত হন। নিহতরা হলেন—রংপুর শহরের কামাল কাছনা এলাকার খায়রুল ইসলামের স্ত্রী রানু বেগম (৪৫)। অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জে মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা ও মাঝিগাতী, সোমবার সদর উপজেলার বলাকইড় ও রবিবার কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার নামক স্থানে সড়ক  দুর্ঘটনায় চার জন নিহত হন। এরা হলেন—কাশিয়ানীর সাহেবের চর গ্রামের মৃত মোসলেমের স্ত্রী কুলসুম বেগম (৭২), কোটালীপাড়ার সিদ্দিক শেখের ছেলে তরিকুল শেখ (২২), সদর উপজেলার ইউনুস মোল্লা (৬৫) ও অপর জনের পরিচয় জানা যায়নি। সোমবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়ার রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় আবু তাহের (৭০) ও রেজিয়া বেগম (৪৫) নামে দুই জন নিহত হয়েছেন। রেজিয়া কুমিল্লার মেঘনা থানার লোটেরচরের রহমান মিয়া বেপারীর স্ত্রী।  দিনাজপুরের চিরিরবন্দরের রেকিপুল বাজার নামক স্থানে সোমবার মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছে। এরা হলো—উপজেলার আব্দুর রউফের ছেলে শাহরিয়ার হোসেন সাব্বির (১৭) ও আলী মাস্টারের ছেলে আসাদুল ইসলাম (১৬)। এদিকে গতকাল নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৫৫) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলায় টেম্পু ও মাইক্রোবাসের সংঘর্ষে টেম্পু চালকসহ দুই জন নিহত হয়েছেন। এরা হলেন—চালক খোরশেদ আলম (৩০) ও টেম্পুর যাত্রী রোমান (২০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের ছুটির তিন দিনে শুধু চান্দিনা উপজেলা এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলামের গাড়িসহ ছয়টি দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশত যাত্রী আহত হয়।  এছাড়া রবিবার রাতে চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় দুই জন নিহত হন। এরা হলেন—ঢাকার ধামরাইয়ের গাড়িচালক জাহাঙ্গীর (৩৮) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে ইব্রাহীম (৬)। গতকাল নাটোরের বড়াইগ্রামে পুলিশ পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও এডিশনাল এসপি হারুন অর রশিদ আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবিবার ভোররাতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পারভেজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কাইলাইনের একটি বাস রিকশাভ্যানকে চাপা দিলে সাংবাদিক রফিকুল ইসলাম জিন্নাহ (৫২) ও তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) নিহত হন। রফিকুল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক দুর্জয়বাংলার স্থানীয় প্রতিনিধি। গতকাল নেত্রকোনার পূর্বধলায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের নাজনীন আক্তার (৩০) নামে এক যাত্রী নিহত হন। মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী বিএনপি নেতা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন (৬০) ও তার নাতনি মাসরুকা (২) নিহত হয়। সোমবার চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে দুর্ঘটনায় আরাফাত মিয়াজী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। (ইত্তেফাকের দিনাজপুর, বগুড়া, রংপুরের স্টাফ রিপোর্টার ও গাইবান্ধা, কুমিল্লা, নরসিংদী, মুন্সীগঞ্জ, গোপালঞ্জ প্রতিনিধি এবং শিবপুর, গজারিয়া, রায়গঞ্জ, ইসলামপুর, ফুলবাড়ী, বিরামপুর, মিঠাপুকুর, বড়াইগ্রাম, পূর্বধলা, বিজয়নগর, মতলব দক্ষিণ, চান্দিনা ও বুড়িচং সংবাদদাতার পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।)