ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে শহরের মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকের সীমানা প্রাচীর ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ তাণ্ডব চালানো হয়ে। এ ঘটনার পর থেকে ক্লিনিকটিতে রোগীদের সেবা প্রদান বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদর হাসপাতালের প্রধান ফটক থেকে প্রায় ৩০-৪০ ফুট দূরত্বে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদের বাড়ি। এই বাড়িটিই ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ঐ ক্লিনিক পরিচালিত হচ্ছিল। মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত বুলডোজার নিয়ে এসে ওই ক্লিনিকে তাণ্ডব চালায়। এ সময় তারা ক্লিনিকের সীমানা প্রচীর, রোগীদের প্রতিক্ষালয়সহ বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি ক্লিনিকের ভেতরের গাছও করাত দিয়ে কেটে ফেলে তারা। এ সময় কমপক্ষে সাতটি ট্রাক্টরে মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঐ ক্লিনিকের এক্স-রে টেকনিশিয়ান শফিক মিয়া বলেন, রাত দেড়টার দিকে প্রায় শতাধিক লোক বুলডোজার নিয়ে ভাঙচুর শুরু করে। তাদের বাঁধা দিতে গেলে পৌরসভা থেকে এসেছেন বলে জানান। ক্লিনিকের পরিচালক আজিজুল হক জানান, ক্লিনিকের দুটি ফটক, একটি জেনারেটর, একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন ও একটি এসি ট্রাকে করে নিয়ে গেছে তারা।
সূত্র জানায়, শহরের বেশ কয়েকজন প্রভাবশালী মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকের পশ্চিম দিকে নতুন আরেকটি হাসপাতাল নির্মাণের জন্য জায়গা কিনেছেন। মূলত ওই হাসপাতালের রাস্তা তৈরির জন্য ঐ ক্লিনিকের সীমানা প্রচীরসহ ভেতরে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির জানান, আমাদের বুলডোজার নষ্ট হয়ে পড়ে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।