রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস এমএন লারমা সংস্কার গ্রুপের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেএসএস (গণসংহতি সমিতি) সংস্কার সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শতসিদ্ধী চাকমা এবং এনো চাকমা বাবুপাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।